দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই কলেজের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে সংশ্লিষ্টদের ভাষ্য।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে সায়েন্সল্যাবসংলগ্ন গ্রিন রোডের মুখে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সায়েন্সল্যাব মোড়সংলগ্ন সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হয়।
ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী হাবিব বলেন, ক্লাস শেষে সায়েন্সল্যাব দিয়ে ঢাকা কলেজের বাস যাওয়ার সময় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ইটপাটকেল ছোড়েন। এতে বাসের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। এ খবর পেয়ে তারা সায়েন্সল্যাবে গিয়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের প্রতিহত করেন।
অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীরা হঠাৎ তাদের ওপর হামলা করেন। কী কারণে হামলা করা হয়েছে, তা তিনি জানেন না। তার দাবি, আইডিয়াল কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং কয়েকজনের মাথায় আঘাত লেগেছে।
তিনি আরও বলেন, ‘আমরা নতুন শিক্ষার্থী। বাসার দিকে যাচ্ছিলাম, হঠাৎ করেই তারা আক্রমণ করে বসে। আমরা আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।’
এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে ইলিয়াস বলেন, ঢাকা কলেজের বাস সায়েন্সল্যাব দিয়ে যাওয়ার সময় আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থী ল্যাবএইড হাসপাতালের সামনে ভাঙচুরের চেষ্টা করেন। এ সময় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে তিনি শুনেছেন। এতে ঢাকা কলেজের তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন।
অধ্যক্ষ আরও জানান, সংঘর্ষের আশঙ্কায় কলেজ প্রশাসন সকাল থেকেই নিউমার্কেট ও ধানমন্ডি থানার সঙ্গে যোগাযোগ করে। পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। শিক্ষকদেরও ঘটনাস্থলে পাঠানো হয়েছিল, যাতে শিক্ষার্থীরা সংঘর্ষে না জড়ান।
এমএম/